বরগুনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
স্টাফ রিপোর্টার | দৈনিক শেষ কথা
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ উপলক্ষে বরগুনায় মানববন্ধন, জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়ানো, সাইকেল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বরগুনা এবং সনাক–টিআইবি বরগুনার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।প্রথমে বরগুনা শহরের সরকারি অফিস ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সাধারণ মানুষ এবং স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণের অঙ্গীকার ব্যক্ত করা হয়। মানববন্ধন শেষে দুর্নীতিবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে একটি সাইকেল র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এরপর জেলা প্রশাসক কার্যালয়ের তৃতীয় তলার সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা পিপিএম, সিভিল সার্জন ডাঃ মোঃ আবুল ফাতাহ্, এবং এডভোকেট মোঃ আনিসুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন।
আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন,
“দুর্নীতি করলে শাস্তি অনিবার্য। সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে সততা ও স্বচ্ছতার চর্চা করলে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও সততা, জবাবদিহিতা ও নৈতিক মূল্যবোধের চর্চাকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করেন।

Comments
Post a Comment